ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বিএনপি জোট পেতে পারে ২০৮ আসন, জামায়াত ৪৬: ইএএসডি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন জনমত জরিপ প্রকাশ করেছে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি)। জরিপ অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট প্রায় ২০৮টি আসনে জয়লাভ করতে পারে আর বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসন সংখ্যা ৪৬টি। এছাড়া জাতীয় পার্টি ৩টি, অন্যান্য দল ৪টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১৭টি আসনে জয়ী হতে পারেন।সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের থ্রিডি সেমিনার হলে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার জানান, দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে পিএসইউ পদ্ধতি ব্যবহার করে মোট ৪১ হাজার ৫০০ জনের মতামত সংগ্রহ করা হয়েছে। গ্রাম ও শহর উভয় অঞ্চলের ভোটারদের সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে।


জরিপ অনুযায়ী, ভোটারদের ৬৬.৩ শতাংশ মনে করছেন, বিএনপি জোট সরকার গঠন করতে সক্ষম হবে। নারী ভোটারের মধ্যে বিএনপির সমর্থন সর্বোচ্চ, ৭১.১ শতাংশ ভোটার বিএনপির পক্ষে ভোট দেবেন বলে জানান।


এছাড়া বিএনপি জোটের সর্বোচ্চ সমর্থন দেখা গেছে চট্টগ্রাম (৭৬.৮%) ও সিলেট (৭৫.৬%) আর জামায়াত জোটের শক্তিশালী অবস্থান লক্ষ্য করা গেছে খুলনা (১৮.৬%) ও বরিশাল (১৭.৮%)। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ভোটারদের মধ্যে ৬৮ শতাংশ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়েছেন। জামায়াতের আমির শফিকুর রহমান পেতে পারেন ১৪ শতাংশ ভোট, এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম পেতে পারেন ২ শতাংশ ভোট। এছাড়া ১৬ শতাংশ ভোটার এই বিষয়ে মত প্রকাশে অনিচ্ছুক ছিলেন।


ইএএসডি জানায়, এই জরিপের মাধ্যমে দেশের সাধারণ মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং বড় পরিবর্তনের জন্য বিএনপির প্রতি প্রত্যাশা স্পষ্টভাবে উঠে এসেছে। বিশেষভাবে, আগে আওয়ামী লীগে ভোট দেওয়া ভোটারের উল্লেখযোগ্য অংশ এবার পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন।


জরিপ প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএএসডির উপদেষ্টা কাজী সাইফউদ্দীন বেননূর। অনুষ্ঠানে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সিঙ্গাপুরের বিভিন্ন শিক্ষাবিদ, সাথে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক সদস্য মীর নাদিয়া নিভিন।

ads
ads
ads

Our Facebook Page

↑